৬জি নেটওয়ার্ক তৈরি করছে স্যামসাং

৭ জুন, ২০১৯ ০২:২৭  
ফাইভ জি মোবাইল নেটওয়ার্ক সাধারণ মানুষের হাতের নাগালে আসার আগেই ষষ্ঠ প্রজন্মের নেটওয়াকের গবেষণা শুরু করেছে স্মার্টফোন ও ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং।  প্রতিষ্ঠানটির দাবি, ৬জি এর গতি হবে প্রতি সেকেন্ডে প্রায় ১ টেরাবিট। পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সমন্বয় ঘটাতে তাদের গবেষক দল চেষ্টা করেছেন। সূত্রমতে, স্যামসাং বেশ কিছু দেশে ফাইভ জির যন্ত্রাংশ তৈরির পাশাপাশি ৬জি নিয়েও গবেষণা চালাচ্ছে। টেলিকম যন্ত্রাংশ উৎপাদন ও নেটওয়ার্ক নিয়ে গবেষণা করতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ‘অ্যাডভান্সড টেলিকমিউনিকেশন রিসার্স সেন্টার’ নামে একটি গবেষণা কেন্দ্র চালু করেছে। সেখানে ষষ্ঠ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক নিয়ে একদল গবেষক গবেষণা করছেন। কোরিয়া হেরাল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন স্যামসাং এর একজন মুখপাত্র। তবে শুধু স্যামসাংই নয়, বর্তমানে আরও কয়েকটি প্রতিষ্ঠান ৬জি নিয়ে কাজ করছে। হুয়াওয়ের বক্তব্য অনুযায়ী, ২০৩০ সালের আগে ৬জি বাণিজ্যিকভাবে চালু সম্ভব নয়। প্রসঙ্গত, বিশ্বব্যাপী এরিকসন, হুয়াওয়ে ও নকিয়া ফাইভ জি নেটওয়ার্কের টেলিকম যন্ত্রাংশ তৈরি করে থাকে।